ওয়েব ডেস্ক : শীতের আমেজ জমতে না জমতেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। নভেম্বরের মাঝামাঝি সমুদ্রের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি পেলে সেটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী ঘূর্ণিঝড়ের (Cyclone) রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘আকভান’। তবে বাংলার উপকূলে এর কোনও প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। বুধবার ভাইফোঁটার সকালেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি দেখা গিয়েছে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও খবর : হাইজ্যাক অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান
কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.৫ এবং ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।







