ওয়েব ডেস্ক : বক্স অফিসে সাফল্যের দৌড় অব্যাহত। তার মধ্যেই এ বার অস্কারের মঞ্চে পা রাখার প্রস্তুতি শুরু করে দিল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana)। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ছবিটির মনোনয়ন জমা দিয়েছেন নির্মাতারা। তবে ভারত সরকারের তরফে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ছবিটিকে পাঠানো হয়নি। সরকারি মনোনয়ন পেয়েছে মারাঠি ছবি ‘গোধল’। তা সত্ত্বেও অ্যাকাডেমির নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করায় স্বতন্ত্র ভাবে অস্কারের প্রতিযোগিতায় বিবেচিত হওয়ার জন্য আবেদন করেছে ‘রামায়ণ’।
প্রশ্ন উঠতেই পারে, ভারত থেকে একটি ছবি সরকারি ভাবে মনোনীত হওয়ার পরেও অন্য একটি ভারতীয় ছবি কী ভাবে একই বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারে? আসলে অস্কারের নিয়ম অনুযায়ী, কোনও ছবিকে প্রতিযোগিতায় বিবেচিত হওয়ার জন্য দেশের সরকারি মনোনয়ন পাওয়াই একমাত্র পথ নয়। অ্যাকাডেমির নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করেও সরাসরি প্রতিযোগিতার জন্য আবেদন করা যায়। সেই শর্তগুলির মধ্যে রয়েছে আমেরিকার নির্দিষ্ট কয়েকটি শহরে টানা সাত দিন বাণিজ্যিক ভাবে প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন।
জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস এবং আটলান্টার মতো শহরে প্রদর্শিত হচ্ছে ‘রামায়ণ’। ফলে প্রয়োজনীয় যোগ্যতার শর্ত পূরণ করেই ছবিটির নির্মাতারা অস্কারের জন্য আবেদন জানিয়েছেন। তবে মনোনয়ন জমা দেওয়া মানেই চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া নয়। শেষ পর্যন্ত অ্যাকাডেমির বাছাই প্রক্রিয়ায় ছবিটি কত দূর এগোয়, সেটাই এখন দেখার।
গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। মুক্তির পর থেকেই বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করছে ছবিটি। বিশ্বব্যাপী ছবির আয় ইতিমধ্যেই ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অস্কারের দৌড়ে নাম জমা দেওয়ার খবর নিঃসন্দেহে ছবিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়েছে।
তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়ছে না ‘রামায়ণ’-এর। ছবির উপস্থাপনা এবং মহাকাব্যের চরিত্রগুলির চিত্রায়ণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন ‘মহাভারত’-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করা নীতীশ ভরদ্বাজও।
আরও খবর : রাবণ-পুত্র হয়ে উঠতে নিজেকে কীভাবে তৈরি করেন রাঘব জুয়াল?
ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে তিনি রামায়ণের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, রামায়ণ কেবল একটি কাহিনি নয়, বরং ভারতীয় সভ্যতার মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার সঙ্গে গভীর ভাবে জড়িত। তাই এই মহাকাব্যের নায়ক, নায়িকা কিংবা খলনায়ক—কোনও চরিত্রের তাৎপর্যই হালকা ভাবে নতুন করে সংজ্ঞায়িত করা উচিত নয়।
নীতীশের কথায়, ‘রামায়ণ ভারতের ডিএনএ-তে মিশে আছে। রামায়ণ কেবল একটি গল্প নয়, তা সনাতন ভারতের সভ্যতাগত ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রোথিত। এই মহাকাব্যের নায়ক, নায়িকা এবং খলনায়ক—সকলেই এর মূল্যবোধ ও বার্তার অবিচ্ছেদ্য অংশ। তাঁদের চরিত্র বা তাৎপর্যকে হালকাভাবে নতুন করে সংজ্ঞায়িত করা যায় না।’
এমনকি, এর আগে ছবিটি নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেছিলেন, সেটিও প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফলে এক দিকে বক্স অফিসে সাফল্য এবং অস্কারের দৌড়ে নাম জমা দেওয়ার খবর, অন্য দিকে মহাকাব্যের উপস্থাপনা নিয়ে বিতর্ক—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ‘রামায়ণ’। এখন দেখার, বাণিজ্যিক সাফল্যের পর আন্তর্জাতিক মঞ্চেও কতটা প্রভাব ফেলতে পারে রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি।







