HomeScroll১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! মোটরবাইকে এসে কুলগামে সিআরপিএফের চৌকিতে হামলা
Kulgam Attack

১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! মোটরবাইকে এসে কুলগামে সিআরপিএফের চৌকিতে হামলা

মীরবাজারের কাছে ৪৬ নম্বর ব্যাটেলিয়নের চেকপোস্টে হামলা। আহত তিন জওয়ানের মধ্যে পশ্চিমবঙ্গের সন্তোষ চন্দ্রুর অবস্থা আশঙ্কাজনক।

ওয়েব ডেস্ক : মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি। মোটরবাইকে চেপে এসে কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফের (CRPF) চেকপোস্টে হামলা চালাল দুই সন্ত্রাসবাদী। বুধবার দুপুর সোয়া ২টো নাগাদ এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চন্দ্রুর শারীরিক অবস্থা জটিল।

কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের একটি চৌকি রয়েছে। জাতীয় সড়ক থেকে প্রায় চার কিলোমিটার ভিতরে ওই এলাকায় নাকা চেকিংয়ের দায়িত্বে ছিলেন জওয়ানরা। আচমকাই মোটরবাইকে করে সেখানে পৌঁছয় দুই হামলাকারী। এরপর স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেন সিআরপিএফ জওয়ানরাও। তবে হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী।

আরও খবর :  প্রাতঃভ্রমণে গিয়ে আচমকা সংজ্ঞা হারালেন জগদীপ ধনখড়! ভর্তি দিল্লির এইমসে

আহত তিন জওয়ানের পরিচয় জানা গিয়েছে। অসমের বাসিন্দা কনস্টেবল রাকেশ দাসের পায়ে গুলি লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পশ্চিমবঙ্গের বাসিন্দা কনস্টেবল সন্তোষ চন্দ্রুর তলপেট ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা জটিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের বাসিন্দা হেড কনস্টেবল সোমবীর সিংয়ের বাঁ হাতের বাহুতে গুলি লেগেছে। তিনিও আপাতত স্থিতিশীল রয়েছেন।

হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, স্থানীয় জঙ্গি সংগঠন টিআরএফ এই হামলার নেপথ্যে থাকতে পারে। ঘটনার বিস্তারিত রিপোর্টও সিআরপিএফের কাছ থেকে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

[youtube-feed feed=1]
Read More

Latest News