ওয়েব ডেস্ক : বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির তালিকায় জায়গা করে নিতে চলেছে ভারতের নতুন জাতীয় সংগ্রহশালা। দিল্লির ঐতিহাসিক নর্থ ও সাউথ ব্লকে তৈরি হবে ‘যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়াম’ (Yuge Yugeen Bharat National Museum)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাদুঘর তৈরিতে খরচ হবে ৩,২৩০ কোটি টাকা। ভারতের দীর্ঘ ইতিহাস, সভ্যতার বিবর্তন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক ছাদের নীচে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আয়তনের নিরিখে প্রস্তাবিত এই সংগ্রহশালা বিশ্বের একাধিক বিখ্যাত জাদুঘরকে পিছনে ফেলে দিতে পারে। এর প্রদর্শনী এলাকা হবে এক লক্ষ বর্গমিটারেরও বেশি। তুলনায় প্যারিসের লুভ্যর জাদুঘরের প্রদর্শনী এলাকা প্রায় ৭৩ হাজার বর্গমিটার। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের আয়তন প্রায় ৭০ হাজার বর্গমিটার। সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজের প্রদর্শনী এলাকাও প্রায় ৬৬ হাজার ৮০০ বর্গমিটার। ফলে পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম বৃহৎ সংগ্রহশালা হয়ে উঠবে দিল্লির এই জাদুঘর।
এই প্রকল্পে নর্থ ও সাউথ ব্লকের ঐতিহাসিক স্থাপত্য অক্ষুণ্ণ রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবন দুটির মূল কাঠামো, সামনের অংশ এবং স্থাপত্যের বৈশিষ্ট্য বজায় রেখেই ভিতরের জায়গাগুলিকে নতুনভাবে সাজানো হবে। পুরনো ঘর, করিডর ও খোলা চত্বরকে ব্যবহার করা হবে বিভিন্ন প্রদর্শনী গ্যালারি হিসেবে। অর্থাৎ, ঐতিহ্যবাহী ভবন দুটির চরিত্র বজায় রেখেই তৈরি হবে আধুনিক সংগ্রহশালা।
আরও খবর : প্রাতঃভ্রমণে গিয়ে আচমকা সংজ্ঞা হারালেন জগদীপ ধনখড়! ভর্তি দিল্লির এইমসে
শুধু প্রাচীন নিদর্শন প্রদর্শন নয়, প্রযুক্তির সাহায্যে ইতিহাসকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও রয়েছে। অগমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়াল রিয়্যালিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভারতের ইতিহাস ও সভ্যতার নানা অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে শিশুদের জন্য বিশেষ অঞ্চল, খাবারের জায়গা, স্মারক সামগ্রীর দোকান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিসর। প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শনার্থী এবং বছরে এক কোটি মানুষের সমাগমের কথা মাথায় রেখে তৈরি হবে প্রয়োজনীয় পরিকাঠামো। ভিড় সামলাতে নির্দিষ্ট সময় ধরে প্রবেশের ব্যবস্থাও রাখা হবে।
একসময় দেশের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল নর্থ ও সাউথ ব্লক। এবার সেই দুই ঐতিহাসিক ভবনই নতুন পরিচয় পেতে চলেছে। প্রশাসনিক কাজের পরিসর থেকে বেরিয়ে ভবন দুটিকে ভারতের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস তুলে ধরার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে ‘যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়াম’।







