HomeScrollআইপিএলে বড়সড় দলবদল! ১৮ কোটিতে পাঞ্জাবে হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ে অর্শদীপ
Hardik Pandya

আইপিএলে বড়সড় দলবদল! ১৮ কোটিতে পাঞ্জাবে হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ে অর্শদীপ

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দ্বিতীয় ইনিংস শেষ হার্দিকের। আট বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন দলে অর্শদীপ। দুই তারকার সরাসরি অদলবদলে বদলে গেল দুই ফ্র্যাঞ্চাইজির দলীয় সমীকরণ।

ওয়েব ডেস্ক : আইপিএলের দলবদলে বড়সড় চমক। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে ১৮ কোটি টাকার চুক্তিতে পাঞ্জাব কিংসে যোগ দিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। অন্যদিকে পাঞ্জাব কিংসের বাঁহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) এবার খেলবেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে এই চুক্তির কথা জানানো হয়েছে। মুম্বইয়ে হার্দিকের চুক্তিমূল্য ছিল ১৬.৩৫ কোটি টাকা। পাঞ্জাবে গিয়ে তা বেড়ে হয়েছে ১৮ কোটি। অন্যদিকে অর্শদীপের চুক্তিমূল্য অপরিবর্তিত থাকছে।

এই দলবদলের মধ্য দিয়ে মুম্বইয়ের সঙ্গে হার্দিকের দ্বিতীয় অধ্যায়েরও ইতি ঘটল। ২০১৫ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে দলের আইপিএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অলরাউন্ডারের। মুম্বইয়ের হয়ে সাত মরশুম কাটানোর পর ২০২২ সালে ১৫ কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। নতুন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও গুজরাটকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি।

আরও খবর : খোয়াজার পাশে ওয়ার্নার, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড নিয়ে বললেন, ‘১০০ শতাংশ সত্যি’

২০২৪ সালে পুরনো দলে ফিরেই রোহিত শর্মার পরিবর্তে মুম্বইয়ের অধিনায়কত্ব পান হার্দিক। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। মাঠেও একাধিকবার বিদ্রূপের মুখে পড়তে হয় তাঁকে। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের পর মুম্বইয়ের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৬ সালের মরশুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছিল দল। ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে প্রতিযোগিতার শেষ দিকের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি হার্দিক। এই সময় দলের অন্দরেও নেতৃত্বের ভূমিকা নিয়ে মতপার্থক্যের খবর সামনে এসেছিল।

তবে আইপিএলে হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্স এখনও যথেষ্ট উল্লেখযোগ্য। ১৬২টি ম্যাচে তাঁর সংগ্রহ ২ হাজার ৯৫৫ রান। স্ট্রাইক রেট ১৪৬.২৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮২টি উইকেট। পাঞ্জাব কিংসে যোগ দিয়ে এবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের অলরাউন্ড বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারেন তিনি।

অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে পাঞ্জাব ছাড়লেন অর্শদীপ সিং। ২০১৯ সালে আইপিএলে অভিষেকের পর ধীরে ধীরে দলের প্রধান বোলিং ভরসা হয়ে উঠেছিলেন তিনি। পাঞ্জাবের হয়ে ৯৬টি ম্যাচে ১১১টি উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন এই বাঁহাতি পেসার। ২০২৫ সালের মরশুমে তাঁর ঝুলিতে ছিল ২১টি উইকেট। ২০২৬ সালে নিয়েছেন আরও ১৪টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১০৪টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৫১টি উইকেট। মুম্বইয়ে যোগ দিয়ে এবার জসপ্রীত বুমরাহর সঙ্গে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ পাবেন অর্শদীপ।

[youtube-feed feed=1]
Read More

Latest News