ওয়েব ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে পশ্চিমবঙ্গের উদ্যোগকে বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। রোগের উপর নজরদারি, আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান বিশ্লেষণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং প্রশাসনিক স্তরে নিয়মিত পর্যালোচনা—এই চার ক্ষেত্রে রাজ্যের কাজ প্রশংসিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের আধিকারিকরা বাংলার সমন্বিত কর্মপদ্ধতিকে ইতিবাচক বলে জানিয়েছেন। এমনকী, দেশের অন্যান্য ডেঙ্গুপ্রবণ রাজ্যগুলিকেও এই মডেল অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানেও সংক্রমণ কমার ইঙ্গিত মিলেছে। ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩২। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তা কমে হয়েছে ১৪ হাজার ৬৩৪। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমেছে ২ হাজার ৩৯৮। শতাংশের হিসাবে হ্রাস প্রায় ১৪.১। গত ৬ নভেম্বর কেন্দ্রীয় সংস্থার ডেঙ্গু পর্যালোচনা বৈঠকে রাজ্যের এই পরিসংখ্যানের পাশাপাশি রোগ প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিভিবিডিসি-র অধিকর্তা তনু জৈন।
আরও খবর : শীতের আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা!বৃষ্টির পূর্বাভাস বাংলায়
আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গের নিজস্ব ডেঙ্গু রিপোর্টিং পোর্টাল। দ্রুত আক্রান্তের তথ্য নথিভুক্ত করা এবং সংক্রমণের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর বলে মনে করেছে কেন্দ্র। ডেঙ্গুতে মৃত্যুর প্রতিটি ঘটনার বিস্তারিত পর্যালোচনা, রোগের বিস্তার সংক্রান্ত তথ্যের সঙ্গে মশার প্রজাতি ও প্রজননের তথ্য বিশ্লেষণ এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের বিষয়টিও প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘ডেঙ্গু নিধন মাস’ কর্মসূচি, পরীক্ষার কিটের পর্যাপ্ত জোগান এবং মুখ্যমন্ত্রী থেকে জেলাশাসক স্তর পর্যন্ত নিয়মিত প্রশাসনিক পর্যালোচনার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
কেন্দ্রের এই স্বীকৃতিতে রাজ্যের বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, স্বাস্থ্য দফতরের পাশাপাশি পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত এবং জেলাশাসকের দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগেই এই সাফল্য এসেছে।







