HomeScrollসিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! হিন্দুদের নিশানা করে স্লোগান, নিন্দায় মার্কিন আইনপ্রণেতারা
USA

সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! হিন্দুদের নিশানা করে স্লোগান, নিন্দায় মার্কিন আইনপ্রণেতারা

শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন হাজির দুই বিক্ষোভকারী, পরিস্থিতি উত্তপ্ত হতেই তাঁদের বের করে দেওয়া হয়

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) সিয়াটলে দীপাবলি (Diwali) উদযাপনের অনুষ্ঠানে বিক্ষোভ দেখাল একদল দক্ষিণপন্থী কর্মী। তাঁদের হাতে ছিল হিন্দু ও দক্ষিণ এশীয়দের নিশানা করে লেখা বর্ণবিদ্বেষী প্ল্যাকার্ড। শনিবার, ৭ নভেম্বর সিয়াটল সেন্টার আর্মরিতে এই ঘটনা ঘটে। সেই সময় সেখানে দীপাবলি উপলক্ষে বহু পরিবার উপস্থিত ছিল। শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। বিক্ষোভকারীদের স্লোগান ঘিরে অনুষ্ঠানে আসা মানুষের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরে নিরাপত্তারক্ষীরা তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বাইরে নিয়ে যান।

এই বিক্ষোভে জেক ল্যাং এবং থমাস অ্যালেন নামে দুই রক্ষণশীল কর্মী জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়। একটি পোস্টারে লেখা ছিল, “ডিপোর্ট অল ডট হেডস”। অন্যটিতে হিন্দুদের উপস্থিতিকে খ্রিস্টানদের জন্য বিপদ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। দক্ষিণ এশীয়দের কপালে তিলক বা টিপ পরার সঙ্গে যুক্ত করে “ডট হেডস” শব্দটি ব্যবহার করা হয়, যা একটি বর্ণবিদ্বেষী গালি। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

আরও খবর :  ইজরায়েলে সরকার গঠনের ডাক পেলেন প্রাক্তন সেনা প্রধান আইজেনকোট

ঘটনার নিন্দা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, হিন্দু আমেরিকানদের কোনও ভয় ছাড়াই নিজেদের ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। দীপাবলির মতো গুরুত্বপূর্ণ উৎসবের অনুষ্ঠানে এই ধরনের বিদ্বেষমূলক আচরণের কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী তথা হোয়াইট হাউসের প্রাক্তন উপদেষ্টা অজয় জৈন ভুটোরিয়াও ঘটনার নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, অভিবাসী ও হিন্দু আমেরিকানদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী স্লোগান এবং ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো আমেরিকার সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

জেক ল্যাং ২০২৬ সালে ফ্লোরিডা থেকে রিপাবলিকান দলের হয়ে সেনেট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন। তবে দলের প্রাথমিক নির্বাচনের ব্যালটে জায়গা পাননি তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছিলেন ল্যাং। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর তিনি ফেডারেল হেফাজত থেকে মুক্তি পান। বর্তমানে তিনি ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন। সিয়াটলের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, উত্তর আমেরিকার হিন্দু সংগঠন কোয়ালিশন অব হিন্দুস অব নর্থ আমেরিকা সিয়াটল ও আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News