ওয়েব ডেস্ক : আইপিএলে (IPL) দলের সংখ্যা বাড়িয়ে ১০ থেকে ১২ করার জল্পনায় আপাতত জল ঢালল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০২৮ সাল থেকে ১২ দলের আইপিএল আয়োজনের কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর দাবি, বিষয়টি নিয়ে বোর্ডের অন্দরে আনুষ্ঠানিক তো নয়ই, অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। আপাতত বোর্ডের প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইপিএল আয়োজন। প্রতিযোগিতাটির ২০তম সংস্করণকে বিশেষভাবে সফল করে তুলতেই প্রস্তুতি শুরু হয়েছে।
১২ দলের আইপিএল নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তাকে ভিত্তিহীন জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন সাইকিয়া। তাঁর বক্তব্য, এই মুহূর্তে প্রতিযোগিতার সম্প্রসারণের কোনও সুযোগ নেই। ২০২৭ সালের আয়োজনের বাইরে অন্য কোনও পরিকল্পনা নিয়ে এখনই ভাবছে না বোর্ড। ফলে নতুন দুটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তা আপাতত বাস্তবায়িত হচ্ছে না।
আরও খবর : এ বার হলিউডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
শুধু দলের সংখ্যা নয়, ২০২৭ সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির অর্থ বরাদ্দ বাড়ানো নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। বর্তমানে প্রতিটি দলের খেলোয়াড় কেনার জন্য নির্ধারিত পার্স ১২৫ কোটি টাকা। সেটি বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সাইকিয়া জানিয়েছেন, পার্স বাড়ানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বছর মেগা নিলাম হওয়ার কথা। তার আগে বিষয়টি নিয়ে বোর্ড পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সেটি মেগা নিলাম নয়। বর্তমান চক্রের শেষ বছরের নিলাম হিসেবেই এই আয়োজন করা হচ্ছে। ২০২৭ সালের আইপিএল মার্চে শুরু হওয়ার কথা বলে জানিয়েছেন বিসিসিআই সচিব। প্রতিযোগিতার সময়সূচি এবং আয়োজন নিয়েই আপাতত বোর্ডের প্রস্তুতি এগোচ্ছে।
অন্যদিকে আইপিএলের সময় এপ্রিল-মে থেকে সরিয়ে জানুয়ারি করার প্রস্তাব দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক জুহি চাওলা। সমাজমাধ্যমে তাঁর সেই মন্তব্য ঘিরেও আলোচনা শুরু হয়েছিল। তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সাইকিয়া। তাঁর বক্তব্য, বোর্ডের নজর এখন শুধুই ২০২৭ সালের আইপিএলের দিকে।







