HomeScrollচিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া প্রধান জেনসেন...
Nvidia CEO Jensen Huang

চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ঘিরে তদন্তের খবর। এনভিডিয়ার সঙ্গে তাঁর সংস্থার হাজার হাজার কোটি টাকার চিপ ব্যবসা নিয়েও বাড়ছে প্রশ্ন।

ওয়েব ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অন্যতম প্রভাবশালী সংস্থা এনভিডিয়ার (Nvidia) প্রধান জেনসেন হুয়াং (Jensen Huang)। তাঁকে ঘিরে এবার ব্যক্তিগত সম্পর্ক থেকে আন্তর্জাতিক নিরাপত্তা—দুই ক্ষেত্রেই বিতর্ক তৈরি হয়েছে। চীনের ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন ৬৩ বছরের এই প্রযুক্তি কর্তা। অ্যালিসের বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে এনভিডিয়ার পরিচালন পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

বিতর্কের কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের প্রাক্তন শীর্ষ আধিকারিক। ২০২৪ সালের জুনে তাইপেইয়ের একটি পানশালায় জেনসেনের পাশে তাঁকে দেখা যায়। সেখানে গিগাবাইট ও নেটথান্ডারের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরের বছর তাইপেইয়ের একটি রেস্তরাঁর বাইরেও জেনসেনের সঙ্গে দেখা যায় অ্যালিসকে। এরই মধ্যে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার বিপুল অঙ্কের ব্যবসায়িক লেনদেন শুরু হয়। গত দু’বছরে সংস্থাটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে।

আরও খবর :  সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! হিন্দুদের নিশানা করে স্লোগান, নিন্দায় মার্কিন আইনপ্রণেতারা

অ্যালিসের পরিচয় এবং অতীত কর্মজীবন নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। চীনে তিনি হুয়াং লে নামেও পরিচিত। বিনিয়োগ সংক্রান্ত নথিতে তাঁর সাংবাদিকতা এবং আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতার উল্লেখ রয়েছে। হুনান টিভি, সিসিটিভি, এইচএসবিসি এবং সিআইটিআইসি সিকিউরিটিজের সঙ্গে তাঁর যুক্ত থাকার তথ্য সামনে এসেছে। অন্যদিকে, মার্কিন কর্তৃপক্ষের তদন্ত সংক্রান্ত একটি গোপন নথির উল্লেখ করে দাবি করা হয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক অ্যালিসকে জেনসেনের বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিল। পাশাপাশি চীনে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির বিষয়ে এনভিডিয়ার অবস্থান প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ।

ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিষয়টিকে জটিল বলে উল্লেখ করেন। জেনসেনের প্রতি আস্থার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিতও দেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, এটি এনভিডিয়ার অভ্যন্তরীণ বিষয়। উল্লেখ্য, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরিতে এনভিডিয়ার উন্নত চিপের চাহিদা বিপুল। ফলে সংস্থার প্রধানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের বিতর্কের পাশাপাশি চীনের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও আন্তর্জাতিক মহলে চর্চিত হয়ে উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News