ওয়েব ডেস্ক : বয়স ৫২। তবু স্টাইল ও ফ্যাশনের দৌড়ে এখনও অনুরাগীদের নজর কাড়তে সিদ্ধহস্ত হৃতিক রোশন (Hrithik Roshan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন একটি ছবি ঘিরে শুরু হয়েছে চর্চা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রেমিকা সাবা আজাদের একটি মন্তব্য।
ছবিতে হৃতিককে দেখা গিয়েছে কালো রঙের লম্বা কোটে। সঙ্গে একই রঙের কলার দেওয়া শার্ট এবং কালো ট্রাউজার্স। পোশাকের সরল অথচ অভিজাত উপস্থাপনায় আলাদা নজর কেড়েছে তাঁর সাজ। ছবির সঙ্গে অভিনেতা লিখেছেন, “Somewhere between here and what’s next”। অর্থাৎ, বর্তমান আর আগামী দিনের মাঝামাঝি কোথাও। এই রহস্যময় ক্যাপশন ঘিরেও অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আরও খবর : এ বার অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’!
হৃতিকের পোস্টে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবা আজাদ। তিনি লিখেছেন, “Somewhere in between dinner and dessert”। অর্থাৎ, রাতের খাবার আর মিষ্টির মাঝামাঝি কোথাও। সাবার এই রসিক মন্তব্যে পোস্টের কমেন্ট বিভাগে নতুন করে হাসি-ঠাট্টা শুরু হয়েছে।
View this post on Instagram
উল্লেখ্য, গত ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের এলএসিএমএ আর্ট অ্যান্ড ফিল্ম গালায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন হৃতিক। সেখানে হলিউড ও আন্তর্জাতিক বিনোদন জগতের একাধিক তারকার সঙ্গে দেখা যায় তাঁকে। উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, নিকোল কিডম্যান, রোজে, আনিয়া টেলর-জয়, অ্যান্ড্রু গারফিল্ড এবং মিশেল ইয়ো। নিকোল কিডম্যান ও ‘ডিউন’ ছবির পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে হৃতিকের ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লিওনার্দো ডিক্যাপ্রিও ও ইভা চাউয়ের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান শিল্প ও সিনেমার মেলবন্ধন উদ্যাপন করে।







