ওয়েব ডেস্ক : সকালের প্রাতঃভ্রমণ করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar )। জানা গিয়েছে, বুধবার সকালে হাঁটার সময় সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। কয়েক মিনিট অচেতন অবস্থায় ছিলেন ৭৫ বছর বয়সি প্রাক্তন উপরাষ্ট্রপতি। পরে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে তাঁর চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, ধনখড়ের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে একটি পুলিশ কন্ট্রোল রুমের গাড়িতে করে বাড়িতে নিয়ে যান। পরে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের একটি চিকিৎসক দল এবং এইমসের চিকিৎসক সন্দীপ শেঠ তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। শারীরিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়।
আরও খবর : এবার লোকালেও মেট্রোর মতো ‘অটোমেটিক’ দরজা?
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে ঠিক কী কারণে তিনি সংজ্ঞা হারিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। এইমস কর্তৃপক্ষের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন জগদীপ ধনখড়। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ওই বছরের জুন মাসে নৈনিতালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও সংজ্ঞা হারিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। চলতি বছরের জানুয়ারিতেও বাড়িতে দু’বার অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের অগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ১৪তম উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২৫ সালের ২১ জুলাই তিনি পদত্যাগ করেন।







