HomeBig newsজগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের
Jagadhatri Puja

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

১৩ নভেম্বর উদ্বোধন ঘিরে সাজছে আলোর শহর, মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে জল্পনা

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ায় উৎসবকে ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। তার আগে শহরের নিরাপত্তা, যান চলাচল এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এ বারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

মঙ্গলবার চন্দননগরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী-সহ প্রশাসনের আধিকারিকরা। কুঠির মাঠ থেকে স্ট্যান্ড রোড, বিভিন্ন পুজোমণ্ডপ এবং সংলগ্ন রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। উৎসবের সময় বাইরে থেকেও বহু মানুষ চন্দননগরে আসেন। তাই ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা, সব দিকেই নজর রাখছে প্রশাসন। তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, যা রানি মা পুজো নামে পরিচিত, সেখানে মুখ্যমন্ত্রী যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এখনও নিশ্চিত ঘোষণা হয়নি।

আরও খবর :  শীতের আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা!বৃষ্টির পূর্বাভাস বাংলায়

জেলাশাসক জানিয়েছেন, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেই লক্ষ্যেই আগাম পরিদর্শন ও প্রস্তুতি চলছে। অন্যদিকে বিধায়ক দীপাঞ্জনকুমার গুহর বক্তব্য, রাজ্য উৎসবের স্বীকৃতি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পরিচিতিকে আরও বিস্তৃত করবে। ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব।

পুজোকে সামনে রেখে নতুন করে সাজছে গোটা শহর। রাস্তা ও বিভিন্ন এলাকা আলোর সাজে মুড়ে ফেলার কাজ চলছে। উৎসবের সঙ্গে জুড়ে থাকছে শহরের বিখ্যাত জলভরা সন্দেশ। বিধায়কের আশা, পুজো দেখতে আসা মানুষের কাছে এই মিষ্টিও বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। রাজ্যবাসীকে চন্দননগরের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News