ওয়েব ডেস্ক : দুধ (Milk) কিনতে গিয়ে এবার বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। এক ধাক্কায় লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। আপাতত দিল্লি-এনসিআর বাজারে সংস্থার একাধিক ধরনের দুধের দাম বাড়ানো হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, পাউচে বিক্রি হওয়া টোনড মিল্কের দাম লিটারপ্রতি ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। ফুল ক্রিম দুধের দাম ৭২ টাকা থেকে বাড়িয়ে ৭৬ টাকা করা হয়েছে। ডাবল টোনড মিল্কের নতুন দাম ৫৬ টাকা। আগে এই দুধের দাম ছিল ৫৪ টাকা প্রতি লিটার। অন্যদিকে, গরুর দুধের দাম ৬২ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা প্রতি লিটার। বাল্কে বিক্রি হওয়া টোনড মিল্কের দামও ২ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।
সংস্থার এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দুধ সংগ্রহের খরচ বৃদ্ধি। কৃষকদের কাছ থেকে বেশি দামে দুধ কিনতে হচ্ছে সংস্থাকে। সেই বাড়তি খরচের একাংশ ক্রেতাদের উপর চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : অসমে ট্রেন দুর্ঘটনার পর চালু জরুরি হেল্পলাইন, শিয়ালদহ থেকে গুয়াহাটি—রইল সব নম্বর
উল্লেখ্য, ২০২৬ সালের ১৪ মে শেষবার দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। দিল্লি-এনসিআর এলাকায় প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি। সব বাজার মিলিয়ে দৈনিক বিক্রির পরিমাণ ৫০ লক্ষ লিটারেরও বেশি। সংস্থার দাবি অনুযায়ী, দুধ বিক্রি থেকে পাওয়া অর্থের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কৃষকদের কাছে পৌঁছে যায়। নতুন দাম কার্যকর হলে নিয়মিত দুধ কেনা পরিবারগুলির মাসিক খরচেও প্রভাব পড়তে পারে। তবে কলকাতা-সহ দেশের বাকি বড় শহরে দুধের দাম বাড়বে কি না, তা নিয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।







