HomeScrollফিফার বিশেষ কর্মসূচিতে ইতিহাস সুনীল ছেত্রীর! প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পেলেন জায়গা
Sunil Chhetri

ফিফার বিশেষ কর্মসূচিতে ইতিহাস সুনীল ছেত্রীর! প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পেলেন জায়গা

মহিলাদের জন্য শুরু হওয়া উদ্যোগে এবার ১৩ জনের আন্তর্জাতিক দলে ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠের বাইরেও সমাজ বদলের কাজে ফুটবলারদের যুক্ত করাই লক্ষ্য।

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে ফের নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ফিফার (FIFA) ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে জায়গা পেলেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন ৪২ বছরের ভারতীয় তারকা। খেলোয়াড়দের জনপ্রিয়তা, পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

২০২৫ সালে শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে এই কর্মসূচির পরীক্ষামূলক পর্ব শুরু হয়েছিল। দ্বিতীয় সংস্করণে বিশ্বের ১৩ জন ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক দল। তাঁদের মধ্যে রয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং ব্রাজিলের গাবি নুনেস। গত জুনে ১১ জন অংশগ্রহণকারী আমেরিকার বস্টনে তিন দিনের বিশেষ কর্মশালায় যোগ দেন। সেখানে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন তাঁরা।

আরও খবর :  ১২ দলের আইপিএল এখনই নয়! ২০২৮ সালের সম্প্রসারণের জল্পনা উড়িয়ে দিল বিসিসিআই

এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছেত্রী। তাঁর কথায়, এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি খুশি। কর্মশালা থেকে পাওয়া শিক্ষা বাস্তবে কাজে লাগানোর অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর মতে, এখানে নারী-পুরুষের কোনও বিভাজন নেই। বিভিন্ন দেশের সেরা ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এই উদ্যোগের অন্যতম প্রাপ্তি। শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সমান সুযোগ তৈরি করার মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফিফার এই কর্মসূচি।

ফিফার প্রধান ফুটবল আধিকারিক জিল এলিসের মতে, মাঠের পারফরম্যান্সের বাইরেও খেলোয়াড়দের সমাজে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাঁদের পরিচিতি ও জনপ্রিয়তা বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আগামী ডিসেম্বর মাসে লন্ডনে এবং ভার্চুয়াল আলোচনায় ফের একত্রিত হবেন কর্মসূচির অংশগ্রহণকারীরা। সেখানে নিজেদের সমাজকল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরবেন তাঁরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News