HomeScrollএ বার হলিউডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Cristiano Ronaldo

এ বার হলিউডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। আর এই নতুন যাত্রায় তাঁর সঙ্গী ব্রিটিশ পরিচালক ম্যাথু ভন। ফলে ফুটবল দুনিয়ার পর এ বার বিনোদন জগতেও নিজের পরিচিতি তৈরি করতে চলেছেন সিআর সেভেন।

ওয়েব ডেস্ক : ফুটবল মাঠে একের পর এক নজির গড়েছেন। এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবার আর ফুটবল নয়, তাঁর নতুন ঠিকানা হলিউড। প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। আর এই নতুন যাত্রায় তাঁর সঙ্গী ব্রিটিশ পরিচালক ম্যাথু ভন। ফলে ফুটবল দুনিয়ার পর এ বার বিনোদন জগতেও নিজের পরিচিতি তৈরি করতে চলেছেন সিআর সেভেন।

আমেরিকার সংবাদমাধ্যম ‘ডেডলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, ছবির নাম ‘স্টান্টনাটস’। এটি একটি অ্যাকশন-কমেডি। দুই পেশাদার স্টান্ট ডাবলের নানা অভিযানকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ এবং অস্কারজয়ী অভিনেতা স্যাম রকওয়েল। তবে ছবির সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকছে না। অভিনেতা নির্বাচনেও বিশেষ আগ্রহ দেখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। তাঁর উদ্যোগেই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাট ডেমনকে।

এখনও ছবিটির পরিবেশক চূড়ান্ত হয়নি। আগামী দিনে আমেরিকার চলচ্চিত্র বাজারে পরিবেশকদের সামনে তুলে ধরা হবে ‘স্টান্টনাটস’। নির্মাতাদের লক্ষ্য, কোনও বড় আন্তর্জাতিক পরিবেশক সংস্থা অথবা প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করা। ফলে ছবিটি বড় পরিসরে মুক্তি পাবে, নাকি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসবে, তা নিয়ে আপাতত জল্পনা রয়েছে।

আরও খবর :  টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কঠিন সময় নিয়ে মুখ খুললেন সূর্যকুমার

ফুটবলের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক দুনিয়ায় নিজের পরিসর বাড়াচ্ছেন ৪১ বছরের রোনাল্ডো। হোটেল, বিপণন এবং বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে তাঁর। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে চলচ্চিত্র প্রযোজনাও। ছবিটি পরিচালনা করছেন পুরস্কারজয়ী স্টান্ট পারফর্মার ড্যামিয়েন ওয়াল্টার্স। এর আগে ‘স্কাইফল’ এবং ‘কিংসম্যান’-এর মতো ছবিতে স্টান্টের কাজ করেছেন তিনি। ফলে অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রেও ছবিটি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসেই অভিনয় জগতে রোনাল্ডোর পা রাখার খবর সামনে এসেছিল। ফুটবলকে কেন্দ্র করে তৈরি ‘ডে ওয়ানস’ নামের একটি ওয়েব সিরিজের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এক ফুটবল এজেন্টের জীবন নিয়ে তৈরি হচ্ছে সেই সিরিজ। শুধু প্রযোজনাই নয়, সেখানে বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করার কথাও রয়েছে পর্তুগিজ মহাতারকার।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে একাধিক সাফল্য পেয়েছেন রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জিতেছেন তিনি। ফুটবলজীবনের পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও নিজের উপস্থিতি বাড়াচ্ছেন আল নাসেরের এই তারকা।

এ বার হলিউডের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবির প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News