ওয়েব ডেস্ক : ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। তারপর থেকে আর ভারতীয় দলে প্রত্যাবর্তন করা হয়নি। কেরিয়ারের সেই কঠিন সময় মানসিক ভাবে কতটা প্রভাব ফেলেছিল, তা অকপটে স্বীকার করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে ক্রিকেটের বাইরের একটি ঘটনা বদলে দিয়েছে তাঁর জীবন। নতুন করে বাঁচতে শিখিয়েছেন তাঁর মেয়ে। পাশাপাশি ক্রিকেটের প্রতি পুরনো ভালবাসা ফিরে পেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্ত্রী দেবিশা শেট্টি।
সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার। তারই মধ্যে ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কঠিন সময় এবং জীবন বদলে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় ব্যাটার।
সূর্যকুমারের কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের সময়টা একেবারেই ভাল কাটেনি তাঁর। নিজের পরিস্থিতি সম্পর্কে সৎ থাকতে চেয়েছেন তিনি। তবে আইপিএলের সময়, গত মে মাসে কন্যাসন্তানের জন্মের পর বদলে যায় জীবনের ছবিটা। ক্রিকেট থেকে সাময়িক ভাবে মন সরিয়ে মেয়েকে ঘিরেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। সূর্যকুমার বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সময়টা খুব খারাপ গিয়েছে। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। নিজের প্রতি সৎ না থাকলে সুখী জীবন কাটানো সম্ভব নয়। তাই সত্যিই সময়টা কঠিন ছিল। কিন্তু আইপিএলের সময়, মে মাসে আমার মেয়ের জন্ম হয়। তার পর পুরো মনোযোগই চলে যায় ওর পিছনে। মেয়ে জন্মানোর পর গত কয়েক মাস জীবনটা খুব সুন্দর কেটেছে।”
তবে এই কঠিন সময়ে সূর্যকুমারকে মানসিক ভাবে শক্তি জুগিয়েছেন স্ত্রী দেবিশাও। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমেই ক্রিকেটের প্রতি পুরনো আবেগ ফিরে পাওয়ার রাস্তা খুঁজে পান ভারতীয় তারকা। স্ত্রী তাঁকে মনে করিয়ে দেন, ক্রিকেটজীবনের শুরুতে যে ভালবাসা এবং আবেগ নিয়ে মাঠে নামতেন, সেই অনুভূতিটাই আবার ফিরিয়ে আনতে হবে।
এই প্রসঙ্গে সূর্যকুমার জানান, গত দু’মাসের কঠিন সময়ের পর নিজের জীবন এবং ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিলেন তিনি। স্ত্রীর সঙ্গে আলোচনার সময় দেবিশা তাঁকে ১৫ বছরের সেই কিশোরের কথা মনে করিয়ে দেন, যে মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলতে নেমেছিল।
আরও খবর : আইপিএলে বড়সড় দলবদল! ১৮ কোটিতে পাঞ্জাবে হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ে অর্শদীপ
সূর্যকুমারের কথায়, “গত দু’মাস কঠিন সময় কাটানোর পর ভাবলাম, কেন তার আগে নিজের জীবন নিয়ে ভাবছি না। ক্রিকেট খেলা শুরু করা, বয়সভিত্তিক ক্রিকেট খেলা এবং মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামার কথা ভাবতে থাকি। এক দিন স্ত্রীর সঙ্গে বসে এ সব নিয়ে আলোচনা করছিলাম। তখন ও-ই আমাকে বলল, ক্রিকেটের প্রতি আমার পুরনো আবেগ ফিরিয়ে আনতে। সেই ১৫ বছরের আমির কথা ভাবতে, যে মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলতে নেমেছিল।”
স্ত্রীর পরামর্শ মেনে ফিরে তাকিয়েছেন নিজের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলিতে। আবার নতুন করে অনুশীলনে মন দিয়েছেন। ক্রিকেটের প্রতি সেই পুরনো ভালবাসাও ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন সূর্যকুমার।
তাঁর সংযোজন, “এখন ঠিক ওই কথাগুলোই ভাবি। ১৫-২০ বছর আগে কী করতাম, সেগুলো চিন্তা করি। আবার অনুশীলন করেছি এবং ক্রিকেটের প্রতি পুরনো ভালবাসা খুঁজে পেয়েছি। সব কিছু এখন স্বাভাবিক। ক্রিকেট খেলতে নেমে নিজের দল এবং পরিবারের কথা মাথায় থাকে। আগের চেয়ে অনেক বদলে গিয়েছি।”
জাতীয় দলে ফেরার অপেক্ষা এখনও শেষ হয়নি সূর্যকুমারের। তবে কঠিন সময়কে পিছনে ফেলে নতুন করে ক্রিকেটে মনোনিবেশ করতে চান তিনি। মেয়ের জন্ম এবং স্ত্রীর অনুপ্রেরণায় জীবনের প্রতি বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিই এখন তাঁর সবচেয়ে বড় শক্তি।







