ওয়েব ডেস্ক : লোকাল ট্রেন মানেই বাদুড়ঝোলা ভিড়। বিশেষ করে অফিস টাইমে কিংবা ব্যস্ত সময়ে ট্রেনে ওঠার জায়গা পাওয়াই দুষ্কর। কোনওক্রমে এক পা ট্রেনের ভিতরে রাখতে পারলেই হল, বাকি শরীরটা বাইরে ঝুলিয়েই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন বহু যাত্রী। ঝুঁকি জেনেও কার্যত বাধ্য হয়েই এইভাবে যাতায়াত করতে হয় তাঁদের। কারণ, লোকাল ট্রেনের মতো সস্তা, দ্রুত এবং সহজলভ্য গণপরিবহণের বিকল্প এখনও অনেকের কাছেই নেই। তবে এবার সেই ছবিতে বদল আসতে চলেছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে নন-এসি লোকাল ট্রেনেও স্বয়ংক্রিয় দরজা বা অটোমেটিক ডোর বসানোর পরিকল্পনা করছে রেল। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর উদ্যোগ শুরু হচ্ছে মুম্বইয়ে।
গত বছর জুন মাসে মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে পাঁচ জনের মৃত্যুর পরেই এই বিষয়ে উদ্যোগী হয় মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করেছিলেন, লোকাল ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় দরজার ব্যবস্থা চালু করা হবে। বর্তমানে মুম্বইয়ে একাধিক এসি লোকাল ট্রেন চলে, যেগুলিতে স্বয়ংক্রিয় দরজা রয়েছে। ট্রেন স্টেশনে দাঁড়ালে দরজা খোলে এবং চলন্ত অবস্থায় তা বন্ধ থাকে। এবার একই প্রযুক্তি নন-এসি লোকাল ট্রেনেও চালু করার পরিকল্পনা রয়েছে রেলের।
ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এই প্রযুক্তি ব্যবহার করে ১২ কোচের একটি নন-এসি লোকাল ট্রেনের রেক তৈরি করেছে। আপাতত সেটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র মিললে ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।
তবে নন-এসি লোকালে স্বয়ংক্রিয় দরজা চালু করা নিয়ে বেশ কিছু বাস্তব সমস্যাও রয়েছে। রেলকর্তাদের একাংশের মতে, দরজা বন্ধ রাখলে চলন্ত ট্রেন থেকে যাত্রী পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। কিন্তু অন্য দিকে, বন্ধ দরজার কারণে ট্রেনের ভিতরে পর্যাপ্ত বাতাস চলাচল বা ভেন্টিলেশন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরমের সময়ে ভিড়ের মধ্যে যাত্রীদের অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও খবর : জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান
এ ছাড়াও রয়েছে অতিরিক্ত ভিড়ের সমস্যা। দরজা বন্ধ থাকলে ট্রেনের ভিতরে ঠাসাঠাসি আরও বাড়তে পারে। সব স্টেশনে নির্দিষ্ট সময়ে দরজা খোলা ও বন্ধ করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাতে ট্রেন চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত অনুমোদন দিতে চাইছে রেল।
প্রাথমিক ভাবে শুধু মুম্বইয়ের লোকাল ট্রেনেই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পরীক্ষার ফলাফল এবং যাত্রীদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করার পর ভবিষ্যতে দেশের অন্যান্য শহরের লোকাল ট্রেনেও এই প্রযুক্তি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, মুম্বইয়ের লোকাল ট্রেনে দুর্ঘটনার পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে লোকাল ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২,২৮৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২,৪৬৮। এর মধ্যে চলন্ত ট্রেন থেকে পড়ে ২০২৫ সালে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৫৭০।
পরপর দু’বছরের এই পরিসংখ্যানই লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। স্বয়ংক্রিয় দরজা চালু হলে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা কতটা কমানো সম্ভব হবে, এখন সেটাই দেখার। তবে যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই এই নতুন ব্যবস্থা কার্যকর করতে চাইছে রেল।







