ওয়েব ডেস্ক : কম্পিউটারের পর্দায় প্রযুক্তিগত সমস্যা, আর তার জেরেই এবার আকাশপথে বিপত্তি! মাইক্রোসফটের (Microsoft) পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে দিল্লি-পুণে, দিল্লি-লেহ এবং দিল্লি-মুম্বই রুট। শুধু তাই নয়, দিল্লি থেকে দরভাঙা এবং মুম্বইগামী স্পাইসজেটের আরও দুটি উড়ান দেরিতে চলেছে। ফলে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের অন্যান্য বিমান সংস্থাও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের সমস্যার কারণে তাদের বিমান পরিচালনায় এখনও কোনও প্রভাব পড়েনি। সংস্থার যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। যাত্রীদের ইমেল পরিষেবা সচল রাখতে সাময়িকভাবে ইমেল ট্র্যাফিক অন্য পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিগো এবং আকাসা এয়ারও যাত্রীদের উড়ানের সময় ও সংশ্লিষ্ট আপডেট নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও খবর : ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জের! এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং, দায়িত্বে কোলেট ক্রেস
বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত গোলযোগ দেখা দেয়। আউটলুক ইমেল এবং টিমস-সহ সংস্থার বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন বহু গ্রাহক। মাইক্রোসফট জানিয়েছে, এক্সচেঞ্জ অনলাইন মেলবক্সে প্রবেশ করতে গিয়ে একাধিক পদ্ধতিতে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। বিশেষ করে আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই সমস্যা দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানও পরীক্ষা করছে সংস্থা।
মাইক্রোসফটের দাবি, পরিষেবা বিপর্যয়ের প্রভাব কমাতে একাধিক স্তরে কাজ চলছে। তবে ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হয়েছে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







