কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সরানো হল লিওনেল মেসির (Lionel Messi) ৭০ ফুট উঁচু মূর্তি। সোমবার সকাল থেকেই কলকাতার (Kolkata) ভিআইপি রোডের লেক টাউন মোড়ে (VIP Road Lake Town More) মূর্তিটি অপসারণের কাজ শুরু করে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে মূর্তিটি প্রবল হাওয়ায় দুলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর পিডব্লিউডি-র বিশেষজ্ঞ দল পরিদর্শন করে জানায়, কাঠামোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সোমবার সকালে ক্রেন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় মূর্তি নামানোর কাজ। পুরো এলাকায় বাঁশের ব্যারিকেড করে ঘিরে রাখা হয়। ভক্তদের আবেগের কথা মাথায় রেখে মূর্তিটি যাতে অক্ষত অবস্থায় নামানো যায়, সেই বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয় বলে প্রশাসনের দাবি।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল, বিস্ফোরক মুখ্যমন্ত্রী কী বললেন?
গত বছর ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে মেসির কলকাতা সফরের সময় এই বিশাল মূর্তিটি স্থাপন করা হয়েছিল লেক টাউন মোড়ে। তবে ভারী কাঠামো ও উচ্চতার কারণে এটি স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছিল বেশ কিছুদিন ধরেই।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত মূর্তিটি সংরক্ষণ করা হবে। পরে সেটি কোথায় বসানো হবে তা নিয়ে একাধিক বিকল্প ভাবা হচ্ছে। সম্ভাবনার তালিকায় রয়েছে ইকো পার্কে স্থানান্তর কিংবা বর্তমান জায়গাতেই কাঠামোগত পরিবর্তন করে পুনঃস্থাপন।
এদিকে মেসি-ভক্তদের একাংশের দাবি, মূর্তিটি লেক টাউনেই থাকা উচিত, তবে নিরাপদভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন।







