কলকাতা: সইজালকাণ্ডের তদন্তে এবার তৃণমূল (TMC) সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কল্যাণ দাবি করেন, নিজেকে সিআইডির (CID) অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে ফোন করে একটি ফৌজদারি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদককে উদ্দেশ্য করে লেখা পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সম্প্রতি শোভনদেব চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সংক্রান্ত মামলায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সওয়াল করেছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলাতেও তিনি আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আলিপুর আদালতে অরূপকে ঘিরে ‘ডিম বৃষ্টি’
কল্যাণের দাবি, বৃহস্পতিবার বিকেলে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সিআইডি আধিকারিক বলে পরিচয় দেন, তাঁর মোবাইলে ফোন করেন। ওই ব্যক্তি সংশ্লিষ্ট ফৌজদারি মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান বলে অভিযোগ।
ঘটনার পরই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, “একটি ফৌজদারি মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে আদালতে সওয়াল করা একজন সিনিয়র অ্যাডভোকেটকে পুলিশ কীভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে?”
বার অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপও চেয়েছেন কল্যাণ। পোস্টে তিনি লেখেন, একজন সিনিয়র অ্যাডভোকেট এবং বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বিষয়টি সংগঠনের নজরে আনছেন, যাতে আইনজীবীদের পেশাগত মর্যাদা, সম্মান এবং বিশেষাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়।
তবে সিআইডির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়েছে, তিনি তদন্তে সাক্ষী নাকি অন্য কোনও কারণে যোগাযোগ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সইজালকাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। এই আবহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।







