ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) নাংলোই এলাকায় এক ২৪ বছরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই তরুণী। শেষ পর্যন্ত সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)।
ঘটনার পর প্রথমে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে তরুণীর মোবাইল ফোনে প্রায় তিন মিনিটের একটি ভিডিও উদ্ধার হয়। সেই ভিডিওতেই নিজের জীবনের শেষ বার্তা রেখে গিয়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তরুণী দাবি করেন, বিয়ের পর থেকেই নানা ধরনের অত্যাচারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর অভিযোগ, কোনও অন্যায় না করেও বারবার অপমান, মারধর ও হেনস্তার শিকার হতে হয়েছে।
আরও খবর : প্রলয়ঙ্কর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা! শোক প্রকাশ করে সহমর্মী নরেন্দ্র মোদি
ভিডিওতে তিনি বলেন, তিনি কখনও শাশুড়ির গায়ে হাত তোলেননি বা পরিবারের কারও ক্ষতি করেননি। বরং তিনিই নির্যাতনের শিকার হয়েছেন। আরও অভিযোগ, স্বামীর কাছ থেকেও কোনও সমর্থন পাননি। উল্টে প্রতিটি ঘটনায় তাঁকেই দোষারোপ করা হতো।
সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে দেড় বছরের কন্যাসন্তানকে নিয়ে তাঁর শেষ ইচ্ছার কথায়। নিজের বাবার উদ্দেশে তিনি বলেন, “বাবা, আমি চলে যাচ্ছি। আমার মেয়েটাকে তুমি নিজের কাছেই রেখো। ওকে অন্য কারও হাতে দিও না, নিজের মেয়ের মতো মানুষ কোরো।” জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ওই তরুণীর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ির সঙ্গে একসঙ্গে না থাকার বিষয়টি নিয়েই পরিবারের মধ্যে অশান্তির সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (Police)। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।
দেখুন অন্য খবর :







