ওয়েব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে চলা মামলায় নতুন মোড়। বিচারকের সামনে নিজের বয়ান বদল করলেন অভিযোগকারী তপন বর্মন। এমনকি এই মামলায় উদয়ন গুহের জামিন হলেও তাঁর কোনও আপত্তি নেই বলে আদালতে জানিয়েছেন অভিযোগকারী। ফলে মামলার পরবর্তী শুনানিতে উদয়ন গুহ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবেন বলেই মনে করছে আইনজীবী মহলের একাংশ।
উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে চলা ৫টি মামলার সঙ্গে বৃহস্পতিবার আরও একটি মামলা যুক্ত হয়। ওই মামলায় উদয়ন গুহ’র শারীরিক অবস্থার কথা বিবেচনা করেন বিচারক। বিবেচনা করে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার ফের প্রাক্তন মন্ত্রীকে আদালতে পেশ করা হয়।
আরও খবর : বিমানবন্দর থেকে গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন বিধায়কের ছেলে, বালি পাচার-তোলা আদায়ের অভিযোগ
এই দিন শুনানির সময় বিচারকের সামনে জবানবন্দি দেন অভিযোগকারী তপন বর্মন। সরকারপক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, বিচারকের সামনে মুচলেকা দিয়ে নিজের আগের অভিযোগের বক্তব্য থেকে সরে এসেছেন তপন বর্মন। অভিযোগকারী বলেন, ২০২১ সালে যে ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে, সেই ঘটনার সময় উদয়ন গুহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। একইভাবে ওই মামলার আরেক অভিযুক্ত হযরত মিয়াও সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে আদালতে জানান অভিযোগকারী।
এছাড়াও উদয়ন গুহকে (Udayan Guha) এই মামলায় জামিন দেওয়া হলে তাঁর কোনও আপত্তি নেই বলেও বিচারককে জানান অভিযোগকারী তপন বর্মন। অন্যদিকে, সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে উদয়ন গুহকে আরও ৯ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ এবং দু’পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পর সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এরপর উদয়ন গুহকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৫ আগস্ট ফের উদয়ন গুহকে আদালতে পেশ করা হবে। এখন অভিযোগকারীর বয়ান পরিবর্তনের পর মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই নজর একাংশের।







