ওয়েব ডেস্ক : পঞ্চায়েতের প্রধান গঠনের আগের রাতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া এলাকায়। শুক্রবার ওই পঞ্চায়েতে নতুন করে প্রধান গঠনের কথা রয়েছে। তার আগেই বৃহস্পতিবার রাতে বোমাবাজির অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন তৃণমূল (TMC) নেতা খাইরুল ইসলামের স্ত্রী মারুফা বিবি। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল আইএসএফ (ISF)। শুক্রবার সেই প্রক্রিয়ার পর নতুন প্রধান গঠনের কথা রয়েছে। তার আগের রাতের বোমাবাজির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও আইএসএফ, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর : ৩১ মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাতিশালা থানার পুলিশ (Police)। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বোমাবাজির অভিযোগের সত্যতা এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।
এদিকে শুক্রবার প্রধান গঠনকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য সকাল থেকেই ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সামনে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। বোমাবাজির অভিযোগের পর এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।







