ওয়েব ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতের (Russia-Ukraine war) আবহে ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে আটকে পড়েছেন ১৫ জন নাবিক। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয় বলে দাবি করেছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই)। সংগঠনের অভিযোগ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যেই কার্গো জাহাজ এমভি আমির-১-এ দিন কাটাচ্ছেন তাঁরা। পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে উল্লেখ করে দ্রুত উদ্ধার ও দেশে ফেরানোর আবেদন জানিয়েছে সংগঠনটি।
এফএসইউআইয়ের (FSUI) দাবি, জাহাজটির আশপাশে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চলছে। ফলে জাহাজে থাকা নাবিকরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জাহাজের পতাকাবাহী দেশের প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
আরও খবর : ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা
সংগঠনটি একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে জাহাজের আশপাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি কলকাতা টিভি।
উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকায় ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর সামনে এল, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।







