কলকাতা: রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর (President Droupadi Murmu) বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্রের সংঘাত চরমে উঠল। এই ইস্যুতে স্যোশাল মিডিয়ায় সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও পদাধিকারীর উপস্থিত না থাকার ঘটনা দেশের সাংবিধানিক প্রধানের প্রতি ‘অসম্মান’ বলে উল্লেখ করেন মোদি। একইসঙ্গে তাঁর তোপ, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।’ আর এহেন পোস্টের পরই পালটা জবাব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আক্রমণ শানাতে গিয়ে এক ব্র্যাকেটে নিয়ে আসলেন ইডি সিবিআই থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানুষ (PEOPLE of WEST BENGAL) বনাম বিজেপি (BJP), নির্বাচন কমিশন (ECI), ইডি (ED), আইটি (IT), সিবিআই (CBI), এনআইএ (NIA), কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল, ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১০ জন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, গোদি মিডিয়া। তাঁর দাবি, এরা একদিকে আর অন্যদিকে বাংলার মানুষ।”তাঁর কথায়, “যখন সবাই বাংলার বিরুদ্ধে একজোট হয়, বাংলা মাথা নত করে না, আরও শক্ত হয়ে রুখে দাঁড়ায়।”
আরও পড়ুন:১২ মার্চ শপথ নেবেন নয়া রাজ্যপাল
রাজ্যে রাষ্ট্রপতি এসেছেন, অথচ তাঁকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনও মন্ত্রী – একথা উল্লেখ করে শনিবার রাষ্ট্রপতি নিজে প্রোটোকল ভাঙার অভিযোগ তুলেছিলেন। মন্তব্য করেছিলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। রাষ্ট্রপতির সেই বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করে মোদি লেখেন, ‘এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত।







