ওয়েব ডেস্ক: Private Blood Bank-গুলির রক্তদান শিবির আয়োজনের উপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে তদন্তের বর্তমান অগ্রগতি জানতে চেয়ে ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের দাবি, একাধিক Private Blood Bank-এ অভিযানের সময় রক্ত সংগ্রহ ও বণ্টনে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বাইরে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নির্দেশ ১ অগস্ট থেকে কার্যকর হয়েছে।
আরও খবর : ১৫ আগস্টের মধ্যে LPG e-KYC না করলে মিলবে না ভর্তুকি! গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্য সরকারকে আগামী ১৪ অগস্টের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানতে চেয়েছে, তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ অগস্ট।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি রক্ত সংগ্রহ, শিবির পরিচালনায় নিয়মভঙ্গ এবং অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজ়মা ভিন্রাজ্যে বিক্রির মতো অভিযোগের তদন্ত চলছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও সংশ্লিষ্ট Private Blood Bank-গুলি নিজেদের হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে সরকারি নিয়ম মেনে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে রক্ত সংগ্রহ চালিয়ে যেতে পারবে। যে ব্লাড ব্যাঙ্কগুলি তালিকায় রয়েছে সেগুলি রয়েছে সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমানে।







