কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) নির্ঘন্ট প্রকাশ হতেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সাতসকালে তল্লাশি অভিযান ইডি-র। কলকাতা(ED Raid In Kolkata)-সহ জুড়ে মোট ১০টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি। অনলাইনে প্রতারণা মামলার তদন্তে রাজ্যে ফের তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। হাওড়া এবং দুর্গাপুরেও তল্লাশি চলে বলে সূত্রের খবর।
অনলাইন প্রতারণার অভিযোগে এর আগেও পশ্চিমবঙ্গের (ED Raid In West Bengal) বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডি। অবৈধ কল সেন্টার সংক্রান্ত একটি মামলায় শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুর-সহ পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১০টি স্থানে তল্লাশি অভিযান চালায় ইডি। সূত্রের খবর, অবৈধ কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরেই এই তদন্ত শুরু হয়েছে। সোমবার ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেন। আর্থিক প্রতারণার অভিযোগে নরেন্দ্রপুর থানা এলাকার একটি বহুতল আবাসনের এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। একই সঙ্গে বিধাননগরের সল্টলেক এলাকার দু’টি আলাদা ঠিকানাতেও তল্লাশি শুরু করেন আধিকারিকরা।
আরও পড়ুন: ফের বড় পদক্ষেপ কমিশনের! এবার সরানো হল ডিজি ও সিপি-কে
নরেন্দ্রপুর এলাকার বহুতল আবাসনে থাকা এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সকাল থেকেই দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। একই সঙ্গে সল্টলেকের দু’টি জায়গাতেও তদন্তকারীরা ঘনিষ্ঠভাবে অনুসন্ধান চালাচ্ছেন। কলকাতার বেনিয়াপুকুরের একটি বহুতলে তল্লাশি চলেছিল ইডির। কৈখালিতেও অভিযান চলেছিল। এই দুই ঠিকানাতেই ভুয়ো কল সেন্টারের সন্ধানে তল্লাশি চালান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকাতেও তল্লাশি চলেছে বলে সূত্রের খবর। তবে অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।







