কলকাতা: রোজভ্যালি মামলার শুনানিতে (Rosevalley Case) ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানির সময় ইডির কৌঁসুলি এসভি রাজুকে উদ্দেশ্য করে বিচারপতি মন্তব্য করেন, “দুঃখের সঙ্গে বলছি, শুধু রোজভ্যালি মামলাতেই আপনার মতো সিনিয়র আইনজীবী দাঁড়াচ্ছেন। অথচ বাকি ৯৯ শতাংশ মামলায় ইডি বা সিবিআইয়ের কৌঁসুলি হাজিরই থাকেন না।”
এদিন আদালতে রোজভ্যালি মামলায় গঠিত বিচারপতি-নিযুক্ত কমিটি (ADC) সংক্রান্ত অনুসন্ধানের বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। সংস্থার তরফে জানানো হয়, এই ‘সায়েন্টিফিক অডিট’ করার জন্য তারা কয়েকটি বাইরের সিএ (CA) ফার্মকে যুক্ত করতে চায়।
আরও পড়ুন: ধর্ম নিয়ে মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর চেয়ে হাইকোর্টে বামেরা
এ প্রসঙ্গে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানান, SFIO চাইলে নিজেদের মতো করে সংস্থা বেছে নিতে পারে। তবে সেই কাজের জন্য অর্থ দিতে হবে কেন্দ্রের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রককে। কারণ, যে তহবিল গরিব বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে, সেই তহবিল থেকে এই তদন্তের খরচ বহন করা যাবে না। আদালত আরও নির্দেশ দেয়, এই তদন্তের কাজে SFIO-কে সবরকম সহযোগিতা করতে হবে ইডি এবং সিবিআইকে।
একই সঙ্গে আদালত জানতে চেয়েছে, বাইরের সিএ ফার্মকে যুক্ত করা হলে তাদের পারিশ্রমিক কে দেবে এবং নতুন অ্যাপ তৈরির জন্য যদি বাইরের সংস্থা নেওয়া হয়, তার খরচ কোন সংস্থা বহন করবে। এই বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়ে ২৪ মার্চের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।







