ওয়েব ডেস্ক : কলকাতার নিউমার্কেট (Newmarket fire) এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি (Bangladeshi) পর্যটকের মরদেহ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা। মৃতরা হলেন আলিমুজ্জামান (৪৮) এবং শেখ শিরিন সাঈদ (৪৫)। দু’জনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকার বাসিন্দা।
গত ১৯ আগস্ট মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু (Death) হয়। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের এই দুই নাগরিকও। ঘটনার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেন।
আরও খবর : দিল্লি যাওয়ার পথেই অসুস্থ বিমান বসু, এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান, কেমন আছেন প্রবীণ নেতা?
ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুল্যান্সে করে মরদেহ দুটি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভোমরা স্থলবন্দর হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় দুই পর্যটকের দেহ।
কলকাতা থেকে শেষবারের মতো নিজের দেশে ফিরলেন তাঁরা। প্রিয়জনকে হারানোর শোকে ঘোজাডাঙ্গা সীমান্তে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের চোখের জলে শেষ হল দুই বাংলাদেশি পর্যটকের কলকাতা সফর।







