কলকাতা: কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে (Tram Service) নতুনভাবে ফিরিয়ে আনতে বড় পরিকল্পনার কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে নতুন ট্রাম পরিষেবা চালু করা হবে। যানজট কমাতে এবার রাস্তার মাঝখান দিয়ে নয়, বাঁদিক দিয়ে ট্রামলাইন পাতা হবে। পাশাপাশি শহরে নতুন এসি ট্রামও চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বুধবার পার্ক স্ট্রিটে একটি বণিকসভার অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবহণমন্ত্রী বলেন, এই নতুন ট্রাম রুট দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানকে সংযুক্ত করবে। এর ফলে দর্শনার্থীদের যাতায়াতে সুবিধা হবে। একই সঙ্গে নিউটাউন, সল্টলেক ও রাজারহাট এলাকাতেও ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর উপর ডিম ছোড়ার অভিযোগ
সরকার জানিয়েছে, ট্রামের কারণে যানজটের যে অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে, তা দূর করতেই নতুন রুট পরিকল্পনায় রাস্তার বাঁদিক দিয়ে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন ট্রামলাইন পাতার কাজ শুরু হবে বলেও জানান পরিবহণমন্ত্রী।
এছাড়া রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৪৭০টি নতুন সরকারি বাস আনার ঘোষণাও করা হয়েছে। পুরনো বাসের পাশাপাশি এই নতুন বাসগুলিও পরিষেবায় যুক্ত হবে। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা চালুর পর যাত্রীচাপ বেড়েছে। সেই কারণেই বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের দাবি।
উল্লেখ্য, কলকাতার প্রায় ১৫০ বছরের পুরনো ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে ইতিমধ্যেই রাইটস (RITES)-কে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার থেকেই সেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষার ভিত্তিতে নতুন রুট, অবকাঠামো এবং আধুনিক ট্রাম পরিষেবা চালুর রূপরেখা তৈরি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।







