ওয়েব ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে “রক্তহীন ভোট” নিশ্চিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (Public interest litigation)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী।
আবেদনকারীর দাবি, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে (Election) প্রাক ও পরবর্তী সময়ে যে হিংসার ছবি সামনে এসেছে, তা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জেলায় প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা প্রান্তে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে এবং বহু মানুষ ঘরছাড়া হন বলে দাবি করা হয়েছে। সেই সময় বিষয়টি গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে।
আরও খবর : চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম! কী বলছে আবহাওয়া দফতর?
আবেদনকারী আরও বলেছেন, আগামী নির্বাচনে যাতে অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্য স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা, সমস্ত বুথে নজরদারি ব্যবস্থা, নিরপেক্ষ নিরাপত্তা বলয় এবং প্রশাসনের উচ্চস্তরের পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। আবেদনকারীর দাবি, ভোটারদের মনে আস্থা ফেরাতে আগাম পরিকল্পিত ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এই মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু নতুন করে গুরুত্ব হয়ে দেখা দিচ্ছে। এসব নিয়ে আসন্ন নির্বাচনের আগে “রক্তহীন ভোট” নিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করলেন এক আবেদনকারী।
দেখুন অন্য খবর :







