HomeScrollতারাতলা বিপর্যয়ের পর কড়া সিদ্ধান্ত! এক মাস বন্ধ জি+৫ নির্মাণ, সব প্রকল্পে...
Taratala Disaster

তারাতলা বিপর্যয়ের পর কড়া সিদ্ধান্ত! এক মাস বন্ধ জি+৫ নির্মাণ, সব প্রকল্পে সেফটি অডিটের নির্দেশ

তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: তারাতলার মর্মান্তিক নির্মাণ বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী এক মাস কলকাতা ও সংলগ্ন একাধিক পুর এলাকায় জি+৫ এবং তার বেশি উচ্চতার নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত অনুমোদিত প্রকল্পের নিরাপত্তা ও নকশা খতিয়ে দেখতে বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য নির্মাণের গুণগত মান এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা। অডিটে বড় ধরনের ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদন বাতিলও হতে পারে। আর সামান্য ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। অডিটে সন্তোষজনক রিপোর্ট মিললেই নির্মাণকাজ পুনরায় শুরু করার অনুমতি মিলবে।

আরও পড়ুন: ‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তারাতলা বিপর্যয়ের পর তৃণমূল ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার পাশাপাশি বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, পূজালি, বারুইপুর, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, বালি-সহ একাধিক এলাকায় এই নির্দেশ কার্যকর হবে। তবে বসতবাড়ির সংস্কার বা সাধারণ মেরামতির কাজ এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।

ইতিমধ্যেই ১১ সদস্যের একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। নকশা ছাড়াও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক নিরাপত্তা এবং নির্মাণের অন্যান্য প্রযুক্তিগত দিকও খতিয়ে দেখা হবে। সরকার স্পষ্ট করেছে, নগরায়ণ থামিয়ে দেওয়া নয়, বরং ভবিষ্যতে গার্ডেনরিচ বা তারাতলার মতো দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ।

এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তবে সরকারের দাবি, মানুষের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই অডিট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও ঝুঁকি নেওয়া হবে না।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News