কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পর শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতির বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তালিকা প্রকাশের আগে আইন শৃঙ্খলা ও জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এবং রাজ্যের সর্বত্র যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice of Calcutta High Court Sujoy Paul) নেতৃত্বে বৈঠক হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার।
সূত্রের খবর অতিরিক্ত তালিকা প্রকাশের পর যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাদের পক্ষ থেকে কোথাও অশান্তি ছড়াতে যাতে না পারে সে দিকে নজর রাখার পাশাপাশি এসআইয়ারের কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধান বিচারপতি।নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। বুধবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ‘বিচরাধীন’ ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার। বৃহস্পতিবারের ঝাড়াই-বাছাইয়ের পর এই তালিকা আরও বাড়বে। তারপরই প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (SIR Supplementary Voter List)।
আরও পড়ুন: অপসারিত পুলিশ কর্তাদের ভিন রাজ্যে পাঠাচ্ছে কমিশন?
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই ২৩ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। শশী পাঁজা ‘বিচারাধীন’ তালিকায় ছিলেন, তাঁরও নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে খবর। তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট থেকেও বহু মানুষের নাম বাদ পড়তে পারে বলে কমিশন সূত্রে খবর। বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ঠ মহলের। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের কোথাও কোথাও আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা যেতে পারে। বিষয়টি সম্পর্কে সতর্ক প্রশাসনও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।







