Homeলাইফস্টাইলশারদ লগ্নে ক্যানভাসে রঙের দুর্গা
Kolkata art exhibition

শারদ লগ্নে ক্যানভাসে রঙের দুর্গা

প্রবীণ ও নবীন শিল্পীদের কাজের সমন্বয়ে এক অনন্য চিত্র প্রদর্শনী

শরতের নীল-সাদা মেঘের আনাগোনা, বাতাসে সদ্য ফোটা শিউলির মদির সুবাস আর কানে আগমনীর সুর— তিলোত্তমার বুকে শারদোৎসবের আবহেই সূচনা হলো এক অনন্য রূপকথার। রূপ আর রঙের এমন অভিনব সহাবস্থানে সেজে উঠেছে কলকাতার ললিত কলা একাডেমী। ‘ব্রাশ স্ট্রোক ক্রিয়েটিভ ফাউন্ডেশন’ এবং ‘যামিনী রায় আর্ট একাডেমী’-র যৌথ উদ্যোগে আয়োজিত এই চিত্র প্রদর্শনী নজর কাড়ছে শহরবাসীর।
গত ৩ অক্টোবর বিকেল ৫টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীটির শুভ উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা চিরঞ্জীৎ চক্রবর্তী। প্রবীণ ও নবীন শিল্পীদের এমন মেলবন্ধনকে সাধুবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্প জগতের একাধিক গুণী ব্যক্তিত্ব। প্রবীণ শিল্পীদের মধ্যে দেবুপ্রসাদ হাজরা, গৌরাঙ্গ কুইলা, গোপাল নস্কর, উষারঞ্জন মণ্ডল, অরিজিৎ কুমার পাল, সৌমিক কুমার দে, কিশোর মল্লিক, শঙ্কর মণ্ডল এবং মনোজ কুমার বিশ্বাসের উজ্জ্বল উপস্থিতি প্রদর্শনীর গাম্ভীর্য বাড়িয়ে তোলে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিল্পীর আঁকা ক্যানভাসে রংয়ের দুর্গা। যা দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। প্রশংসা পেয়েছে অভিনেতা চিরঞ্জিতেরও।

কেবল অভিজ্ঞদের ক্যানভাস নয়, এই প্রদর্শনীতে সমান তালে সাড়া ফেলছেন উদীয়মান শিল্পীরাও। উৎসব সরকার, রাতুল মান্না ও অপরাজিতা ব্রহ্মর মতো নবীন প্রতিভাদের অনন্য সৃষ্টি প্রদর্শনীকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। পাশাপাশি ভৌগোলিক সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের তুলির টানও স্থান পেয়েছে এখানে। নতুন দিল্লির প্রিয়াঙ্কা বর্মন, রাউরকেলার প্রতাপ পট্টনায়ক, দিলীপ দাস, রমেশ পাত্র, বালুরঘাটের দেবোজিৎ রায় এবং ভুবনেশ্বরের ড. বৈষ্ণব চরণ মুখির শিল্পকর্ম দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করছে।

আয়োজনের নেপথ্য কাহিনি ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন প্রদর্শনীর দুই মূল সংগঠক গৌতম দাস ও অভিজিৎ দাস। রাজস্থানের জয়পুর, ওড়িশা, শান্তিনিকেতন থেকে শুরু করে নেপালের মতো আন্তর্জাতিক মঞ্চেও তাঁরা ইতিপূর্বে সফলভাবে প্রদর্শনী ও কর্মশালা সম্পন্ন করেছেন। শিল্পচর্চাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আগামী দিনে বেঙ্গালুরু এবং হায়দরাবাদেও এই ধরণের প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা।

চিত্রকলার এই সুসমঞ্জস মিলনমেলা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। শিল্প ও সংস্কৃতির এই উৎসব উপভোগ করতে ইতিমধ্যেই ললিত কলা একাডেমীতে ভিড় জমাত শুরু করেছেন শিল্পপ্রেমীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News