ওয়েব ডেস্ক: নির্ধারিত সময়ের অনেক আগেই কার্যত শেষ হয়ে গেল এ বছরের অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। যাত্রীসংখ্যা কমে যাওয়া, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন রুটে রাস্তা মেরামতির কাজ, সব মিলিয়ে যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) প্রশাসন। চলতি বছর ২৮ আগস্ট পর্যন্ত যাত্রা চলার কথা ছিল।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪.৭ লক্ষ তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন। তবে ২৩ জুলাইয়ের পর থেকে যাত্রীসংখ্যায় উল্লেখযোগ্য ভাটা পড়ে। একই সঙ্গে আবহাওয়া নিয়েও সতর্কতা জারি রয়েছে। ফলে নতুন করে আর যাত্রীদের কাশ্মীরে পাঠানো হচ্ছে না।
কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, যাত্রীদের আগমন অত্যন্ত কমে যাওয়ায় আপাতত যাত্রা স্থগিত করা হয়েছে। জম্মু থেকে নতুন করে কোনও তীর্থযাত্রী কাশ্মীরে পৌঁছননি বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া এবং কয়েকটি এলাকায় রাস্তা মেরামতির কাজ চলার কথাও উল্লেখ করেছেন প্রশাসনিক আধিকারিক।
দুর্গম পাহাড়ি পথে অমরনাথ যাত্রা প্রতিবছরই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়। জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুরু করে পহেলগাঁও বা বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছন তীর্থযাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এই তীর্থযাত্রায় অংশ নেন।
এ বারও শুরুতে বিপুল সংখ্যক তীর্থযাত্রীর সমাগম হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যাত্রীসংখ্যা কমতে থাকে। অনন্তনাগ-পহেলগাঁও রুটে ইতিমধ্যেই যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বালতাল রুট দিয়ে শেষ কয়েকটি দলকে অমরনাথের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই দলগুলিই এ বছরের শেষ ব্যাচ হতে পারে বলে প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে।
এ ছাড়াও ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তিকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণেও সম্প্রতি যাত্রা স্থগিত রাখা হয়েছিল। সব মিলিয়ে এ বার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই অমরনাথ যাত্রার সমাপ্তি কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে।







