কলকাতা: পার্ক স্ট্রিটের (Park Street) রেস্তরাঁয় ‘ভুল খাবার পরিবেশন’ ঘিরে তৈরি হওয়া গোমাংস বিতর্কে নতুন মোড়। এ বার খোদ ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) বিরুদ্ধেই পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হল। শনিবার রাতে জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি থানায় অভিযোগ জমা দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন। ফলে ঘটনাকে ঘিরে আইনি জট আরও ঘনাল।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। অভিযোগ, পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়ে পাঁঠার মাংস অর্ডার করলেও তাঁদের গরুর মাংসের স্টেক পরিবেশন করা হয়। এই অভিযোগ তুলে সায়ক চক্রবর্তী থানায় এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রেস্তরাঁর এক কর্মীকে গ্রেপ্তারও করে পুলিশ।
আরও পড়ুন: যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ–উপাসনা
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত কর্মীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু হয়েছে—যেখানে কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে ইচ্ছাকৃতভাবে অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। পরে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি।
তবে এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। টলিপাড়ার একাধিক শিল্পী ও নেটিজেন সায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, বিষয়টি অতিরঞ্জিত করে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। পাশাপাশি রেস্তরাঁ কর্মীর হেনস্তা নিয়েও সমালোচনা শুরু হয়।
এই আবহেই জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি সায়কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে ধর্মীয় উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেবে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার দিন সায়কের সঙ্গে থাকা দুই বন্ধুর একজনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, খাবার বদল হওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছিল ঠিকই, কিন্তু ধর্মীয় উসকানির সঙ্গে তিনি যুক্ত নন। তদন্ত এগোলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে।







