ওয়েব ডেস্ক : প্রথমবার আয়োজিত হতে চলা শের-ই-পাঞ্জাব টি-২০ লিগের (Sher E Punjab T20 League) আকর্ষণ বাড়িয়ে দিলেন শুভমন গিল (Shubman Gill) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। প্রতিযোগিতার মার্কি ক্রিকেটার হিসেবে দু’জনকেই দলে নেওয়া হয়েছে। গিল খেলবেন ফাজিলকা ফ্যালকন্সের হয়ে, অন্যদিকে অভিষেকের দল অমৃতসর সুরমাস।
গিল-অভিষেক ছাড়াও প্রতিযোগিতায় থাকছেন আর্শদীপ সিং (Arshdeep singh), প্রভসিমরন সিং, রমণদীপ সিং এবং গুরনূর ব্রার। ফলে ভারতীয় দল এবং আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকা একাধিক ক্রিকেটারকে একই মঞ্চে দেখা যাবে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের লক্ষ্য, তারকা ক্রিকেটারদের সঙ্গে তরুণ প্রতিভাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।
আরও খবর : চোট নিয়ে একের পর এক ধাক্কা, লক্ষ্মণের সঙ্গে বৈঠকে BCCI সচিব
নিউ চণ্ডীগড়ের পিসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যেই লিগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ৩০ অগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ছয়টি দল মোট ২৭টি ম্যাচ খেলবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন মার্কি এবং অন্তত দু’জন আইকন ক্রিকেটার নিতে পারবে।
আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন লিগে নামছেন গিল এবং অভিষেক। গিল ৪৬২ রান করেছিলেন, আর অভিষেক ১৪ ম্যাচে ৫৬৩ রান করেন। পাঞ্জাবের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি এই লিগ ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার তৈরির মঞ্চ হয়ে উঠতে পারে বলেই আশা পিসিএ-র।







