বাঁকুড়া: এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব চলাকালীনই বাঁকুড়া (Bankura) জেলা প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তাঁর দাবি, বাঁকুড়া জেলায় প্রায় দু’লক্ষ ভুয়ো ভোটার (Fake Voter) রয়েছে, অথচ সেই নামগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত গড়িমসি করছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে বিজেপির আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, “বাঁকুড়ায় কোথা থেকে দু’লক্ষ ভুয়ো ভোটার নিয়ে আসা হয়েছে, আমরা জানি না। এখন তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে, বাঁকুড়া লোকসভায় ৭৬ হাজার এবং বিষ্ণুপুর লোকসভায় ১ লক্ষ ৩০ হাজার ভোটার পুরোপুরি ভুয়ো।”
আরও পড়ুন: নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাইকোর্টে বিজপি, কবে শুনানি? দেখুন
এরপরই তিনি অভিযোগ করেন, ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ যাতে গ্রহণ না করা হয়, তার জন্য এআরও-দের নির্দেশ দিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক। এই অভিযোগের ভিত্তিতে সাংসদের হুঁশিয়ারি, আগামীকালের মধ্যে যদি এআরও-রা এই অভিযোগ গ্রহণ না করেন, তবে জেলাশাসকের দফতরের সামনে বিজেপি আমরণ অনশন ও ধরনায় বসবে। এমনকি জেলাশাসককে তাঁর দফতর থেকে বেরোতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্দিষ্ট নথি বা প্রমাণ ছাড়া একজন সাংসদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার বহু আগেই রাজ্যে প্রায় দু’কোটি ভুয়ো ভোটার থাকার দাবি করে আসছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াই-বাছাই শুরু হওয়ার পর দেখা যায়, ভুয়ো ভোটারের সংখ্যা এক কোটির ধারেকাছেও পৌঁছয়নি।
এই প্রেক্ষাপটে বাঁকুড়া জেলা প্রশাসনের বিরুদ্ধে সৌমিত্র খাঁয়ের অভিযোগকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশংকর রায় বলেন, “বাঁকুড়ার জেলাশাসক সরকারি নিয়ম মেনে কাজ করছেন। তিনি বিজেপির কথামতো কাজ করবেন কেন? এই ধরনের মন্তব্য করার আগে একজন সাংসদের আরও সংযত হওয়া উচিত।”
দেখুন আরও খবর:







