ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হাসনাবাদ (Hasbad) ব্লকের আমলানি পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে হাসনাবাদ থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা (Road)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতাধীন এই গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন অংশে গত ৫-৬ বছর ধরে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
নিত্যযাত্রীদের পাশাপাশি টোটো, অটো ও বাইক চালকদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ীভাবে কোনও সংস্কারের কাজ হয়নি। রাস্তার বেহাল দশার প্রতিবাদে একাধিকবার বিক্ষোভও দেখিয়েছেন এলাকাবাসী। অভিযোগ, বিক্ষোভের পর কোনও কোনও জায়গায় বড় গর্তে ইট ও ইটের টুকরো ফেলে সাময়িক মেরামতির চেষ্টা করা হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই ফের আগের অবস্থায় ফিরে যায় রাস্তা।
আরও খবর : আন্দুলের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিতরে আটকে বহু বাসিন্দা! ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন
স্থানীয়দের অভিযোগ, রাস্তার খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন বাইক আরোহী, টোটো ও অটোচালকরা। বিশেষ করে বর্ষার সময়ে গর্তে জল জমে যাওয়ায় বিপদ আরও বাড়ছে। জল জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। জরুরি পরিষেবার গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তার (Road) দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, সাময়িক ভাবে গর্ত ভরাট করে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার। দ্রুত রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি স্থানীয়দের।







