ওয়েব ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণার পরই প্রশাসনে বড়সড় রদবদল। কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন অজয় নন্দা (Ajay Nanda)। সোমবারই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তাঁর সোজাসাপ্টা বার্তা “আই মাস্ট নট ফেল।”
বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে নজিরবিহীন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাতারাতি বদলি করা হয়। এরপর সোমবার সকালে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরেও একাধিক বদল ঘোষণা করে কমিশন। নির্বাচনী বিধি জারি হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী, যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের সোমবার দুপুর ৩টার মধ্যে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়।
আরও পড়ুন: কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা! ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়া, চার জেলায় কমলা সতর্কতা
সেই নির্দেশ মেনেই কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন অজয় নন্দা। দায়িত্ব নেওয়ার পরই সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রসঙ্গেও কথা বলেন তিনি। কয়েকদিন আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার দিন উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা ঘটে। তাতে মন্ত্রী নিজেও আহত হন। এই ঘটনার প্রসঙ্গে অজয় নন্দা বলেন, গিরিশ পার্কের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে এবং ঘটনার যথাযথ তদন্ত ও ফলোআপ চলছে।
আসন্ন বিধানসভা নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হতে পারে, সেই প্রশ্নের জবাবে নতুন নগরপাল বলেন, “প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জিং।” তাঁর দাবি, ভোটকে সামনে রেখে কলকাতা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, আগেও বহু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুলিশের নিজস্ব বাহিনী তো আছেই, তার সঙ্গে আরও বাহিনী আসছে।
কলকাতার নাগরিকদের উদ্দেশেও বার্তা দেন অজয় নন্দা। তাঁর কথায়, “পুলিশের থেকে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে। রাজনৈতিক দলগুলিও আশা করে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” তিনি আশ্বাস দেন, “কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে। যেমন প্রতি বার কলকাতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তেমনটাই হবে।”







