ওয়েব ডেস্ক: উপনির্বাচনকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রেজিনগর বিধানসভার উপনির্বাচন। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারপর সেখানে কংগ্রেস সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু রেজিনগরে লড়বেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী রবিউল আলম চৌধুরী। তাঁর সমর্থনে প্রচারে নামছেন দলের হেভিওয়েট নেতারা।
২০ জন হেভিওয়েট নেতার নাম রয়েছে এই তালিকায়। তার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। কাজেই এই আসনে তৃণমূল যে জান লড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। আরও কয়েকজন হেভিওয়েট নেতার নাম বললে গুরুত্বটা পরিষ্কার বোঝা যাবে— অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, দোলা সেন, বাবর আলি, উপাসনা চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার হুমায়ুনের দলের আরও এক নেতা
নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা দে মনোনয়ন তুলে নেওয়ায় সেখানে মমতার দল কংগ্রেসকে সমর্থন করছে। কাজেই পাখির চোখ এখন রেজিনগর কেন্দ্র। সেখানের প্রার্থী রবিউল আলম চৌধুরী আগেই জানিয়েছেন, তিনি লড়বেন। প্রতীক ‘ফ্রিজ’ বিতর্ক এবং অন্যান্য টানাপোড়েনেও তিনি অবিচল আছেন। আর তাই তাঁকে পূর্ণ সমর্থন জোগাতে চলেছে দল। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতৃত্ব প্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে উপনির্বাচন পুজোর কিছুদিন আগেই, ৬ অক্টোবর।







