ওয়েব ডেস্ক : নেপালের (Nepal) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় তাঁর সঙ্গে পরিবারের শেষবার যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
সমরের বাড়ি শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায়। পরিবারের দাবি, বিপর্যয়ের আগে তিনি ইমিগ্রেশন সংক্রান্ত কাজের জন্য সীমান্ত এলাকায় ছিলেন। পরে তাঁর ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সমরের সন্ধানে ইতিমধ্যেই পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
আরও খবর : স্টেশনের বাইরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গলসিতে তৃণমূল নেতাকে আটক করল পুলিশ
এদিকে নেপালে নিখোঁজ রাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমর মণ্ডলের পরিবারের সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিখোঁজদের খোঁজ ও উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হয়েছে।
শুক্রবার রাতে সমরের বাড়িতেও পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পুলিশের আধিকারিকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তাঁরা। প্রশাসনের তরফে প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নেপালের বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গের বহু পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সমরের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়ছে তাঁর পরিবারে।







