নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কংগ্রেসে (Congress) যোগদান বা কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সমীকরণ তৈরির জল্পনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সূত্রের দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে প্রদেশ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে সিপিএম (CPIM)। এমনকি ইন্ডিয়া (INDIA) জোটে থাকার বিষয়েও দলের ভিতরে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
রাজনৈতিক মহলে এই জল্পনা জোরদার হয়েছে সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উপস্থিতির পর। দীর্ঘদিন পর জোটের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন মমতা। বৈঠকে তাঁকে শুভেচ্ছা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন: একদিনের নোটিসে প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লিতে তলব
সিপিএমের অবস্থান কী?
সিপিএমের এক কেন্দ্রীয় কমিটির সদস্যের দাবি, তৃণমূলের সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক সমীকরণকে দল ভালো চোখে দেখছে না। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বামেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট এবং সেই অবস্থানে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
সূত্রের খবর, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী রাজ্য কমিটির বৈঠকে জেলার প্রতিনিধিদের মতামত নেওয়া হতে পারে। তবে এখনও দল আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কংগ্রেসের একাংশের মধ্যেও অস্বস্তি প্রকাশ্যে এসেছে। প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান কড়া ভাষায় মন্তব্য করে বলেন, “নর্দমার জল গঙ্গাকে অপবিত্র করে। কংগ্রেস নোংরা জলে অপবিত্র হবে কি না, তা হাইকমান্ডকে ভাবতে হবে।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে তার প্রভাব ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সমীকরণেও পড়তে পারে। বিশেষত পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামেদের দীর্ঘদিনের সমঝোতার রাজনীতির সামনে নতুন প্রশ্ন উঠে আসতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে গোটা বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার স্তরেই রয়েছে।







