কলকাতা: জল্পনাকে সত্যি করেই তৃণমূল কংগ্রেসেই (TMC) যোগ দিলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)৷ শনিবার দুপুরে আমতলা (Aamtala) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কার্যালয়ে পৌঁছন সিপিএম (CPIM) ত্যাগী প্রতীক উর রহমান৷ অভিষেকের সঙ্গে বৈঠকের পর প্রতীক উর রহমান বলছেন, তিনি বিধানসভা ভোটের টিকিট চান না। দল তাঁকে টিকিট দিতে চাইলেও তিনি টিকিট নেবেন না, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূলের দফতরে গিয়ে দলে যোগ দেন প্রতীক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বেশ কয়েকদিন ধরেই তাঁর দলবদল নিয়ে একাধিক জল্পনা চলছিল। তখন থেকেই সমাজমাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ ওঠে। অনেকেই দাবি করেছিলেন তৃণমূল প্রতীকের সঙ্গে ‘ডিল’ করছে। প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রতীক উরের প্রতীক বদল! অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ সিপিএম ত্যাগী নেতার
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আপনাদের গায়ে জ্বালা কেন? আপনারা প্রতীক উরকে বলছেন, ডিল করেছে। কী ডিল? প্রতীক উর নিজেই এসে বলেছে, সে টিকিট নেবে না।”
অভিষেক আরও বলেন, “আপনাদের গায়ে জ্বালা হচ্ছে, কারণ আপনাদের হ্যাঁ-তে হ্যাঁ মেলায়নি ও। যারা স্নো পাউডার মেখে বসে, তাদের গায়েই জ্বালা। আমি কিছু বলার আগে এসে বলেছে, টিকিট নেব না। দলের কাজ করব। রাজনীতিতে চাওয়া-পাওয়া নেই এমন ক’জনকে পাওয়া যায়? মানুষের জন্য কাজ করতে চাইলে দলটা বড় কথা নয়। আলিমুদ্দিন সার্টিফিকেট দেবে, তারপর একজন বামপন্থী হবেন? ওর চাওয়া-পাওয়া নেই। ঋতব্রত কিছু চায়নি। কানহাইয়া চলে গিয়েছে কংগ্রেসে।”
অভিষেকের কথার রেশ ধরেই প্রতীকও ‘কুৎসা’র জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “হ্যাঁ ডিল হয়েছে। বিজেপি যাতে এ বাংলায় ঢুকতে না পারে, তা নিশ্চিত করার ডিল হয়েছে।”







