ওয়েব ডেস্ক: পঞ্জাবের (Panjab) পাতিয়ালায় রেললাইনের ধারে বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার গভীর রাতে। শম্ভু-আম্বালা রেলপথের কাছে ঘটে এই ঘটনা। বিস্ফোরণের (Train Blast) জেরে রেললাইনের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, যা ঘিরে রহস্য আরও ঘনীভূত।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত প্রায় ১০টা নাগাদ মালবাহী ট্রেনের জন্য নির্ধারিত একটি লাইনের কাছে আচমকাই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং পাতিয়ালার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি)। এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস! চাঞ্চল্য মহারাষ্ট্রে
পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, “রাতেই আমরা খবর পাই শম্ভু সীমান্তের কাছে রেললাইনে একটি সন্দেহজনক বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এটি বিস্ফোরণ ঘটানোর একটি চেষ্টা ছিল।” তাঁর কথায়, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও ট্র্যাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরই সক্রিয় হয় জিআরপি ও রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক, বিস্ফোরণস্থলের কাছ থেকেই উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তিনি কী ভাবে সেখানে এলেন, বিস্ফোরণের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার জেরে সাময়িক ভাবে রেল চলাচলেও প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা এলাকায়। তদন্তকারীরা প্রাথমিক ভাবে এটিকে নাশকতার চেষ্টা হিসেবে দেখছেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে পুলিশ।







