ওয়েব ডেস্ক : শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) যাত্রীদের জন্য বড় সুখবর। বারাসত শাখায় এবার চালু হচ্ছে নতুন এসি লোকাল ট্রেন (AC Local Train)। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। একইসঙ্গে একাধিক শাখায় নতুন লোকাল ট্রেন চালু ও পুরনো পরিষেবার সম্প্রসারণের কথাও জানানো হয়েছে।
রেল সূত্রে খবর, নতুন এসি লোকালটি অফিস সময়ের যাত্রীদের কথা মাথায় রেখেই চালানো হবে। ট্রেনটি সকাল ১০টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১১টা ১৮ মিনিটে বারাসত (Barasat) পৌঁছবে। ফিরতি পথে সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত থেকে ছেড়ে দুপুর ১২টা ১৭ মিনিটে শিয়ালদহে (Sealdha) পৌঁছবে। পথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকবে।
শুধু এসি লোকালই নয়, বারাসত-হাসনাবাদ রুটেও বড় পরিবর্তন আনা হয়েছে। ৩৩৩১৯ নম্বর ট্রেনটি এবার বারাসতের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪ মিনিটে ছাড়বে। এছাড়া বারাসাত ও দমদম ক্যান্টনমেন্টের মধ্যে নতুন লোকাল পরিষেবাও শুরু হচ্ছে, যাতে মেট্রো রেলের সঙ্গে সংযোগ আরও সহজ হবে বলে দাবি পূর্ব রেলের।
আরও খবর : কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলায় চার্জগঠন!
ডায়মন্ড হারবার (Diamond Harbour) শাখাতেও বাড়ছে পরিষেবা। চালু হচ্ছে নতুন ট্রেন। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নতুন একটি লোকাল ছাড়বে, যা রাত ৮টা ১ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে। পাশাপাশি ডায়মন্ড হারবার-সোনারপুর রুটেও নতুন ট্রেনটি আসবে। এছাড়া ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কৃষ্ণনগর এবং আমঘাটা শাখাতেও একাধিক ট্রেনের রুট বাড়ানো হয়েছে।
শিয়ালদহ–সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। এটি সকাল ৯.৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখায় শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। এটি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এদিকে রাতের কৃষ্ণনগরগামী ট্রেনের চাহিদা মেটাতে শিয়ালদহ-রানাঘাট লোকালকে কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টা ৮ মিনিটে। ফেরার পথে রানাঘাটের পরিবর্তে কৃষ্ণনগর থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে ছাড়বে ট্রেনটি। অন্যদিকে রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালকে আমঘাটা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে।
দেখুন অন্য খবর :







