কলকাতা: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়েছে (Rain Forecast)। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিম্নচাপটি কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ফলে মঙ্গলবারও দুর্যোগের আশঙ্কা থাকছে (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
মঙ্গলবার সকাল পেরিয়েও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
নিম্নচাপের প্রভাব পড়েছে সমুদ্রেও। সমুদ্রে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। তাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত স্বস্তি নেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।







