কলকাতা: ফের নিম্নচাপের চোখরাঙানি বঙ্গোপসাগরে (Weather Update)। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Forecast)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলার এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও খবর : নিউ মার্কেটের ‘শিখা ইন’-এর মালিক গ্রেফতার, ধানবাদ থেকে ফিরে বেহালার বাড়িতেই গ্রেফতার বীরেশ্বর
আবহবিদেরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গেও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। তবে রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই।
সোমবার পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহের শুরুতে পাহাড় থেকে সমতল, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা।







