ওয়েব ডেস্ক: নীতেশ তিওয়ারির (Nitish Tiwari) বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ (Ramayan) ছবির ট্রেলার (Trailer) প্রকাশের পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে ছবিটি। রণবীর কাপুর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) এবং যশের উপস্থিতি যেমন দর্শকদের আগ্রহ বাড়িয়েছে, তেমনই অন্য একটি কারণে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী লারা দত্ত, যিনি ছবিতে রানি কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন।
ট্রেলার প্রকাশের পর থেকেই লারার পোশাক ও স্টাইলিং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বহু নেটিজেনের মতে, পৌরাণিক কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কৈকেয়ীর লুক আরও রাজকীয় এবং যুগোপযোগী হওয়া উচিত ছিল। তাঁদের অভিযোগ, ওপেন বর্ডারের শাড়ি, ডিজাইনার ব্লাউজ এবং শাড়ি পরার আধুনিক ধরন ত্রেতাযুগের আবহের সঙ্গে মানানসই নয়। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, এই সাজ নাকি বড় বাজেটের চলচ্চিত্রের বদলে টেলিভিশনের দৈনিক ধারাবাহিকের চরিত্রের কথা মনে করিয়ে দেয়।
আরও খবর : মডেলিং থেকে অভিনয়, ‘সার্ভিস গার্ল’-এ নির্ভীক কঙ্গনা হয়ে নজর কাড়ছেন মালবিকা
বিশেষ করে ট্রেলারের একটি দৃশ্যে, যেখানে কৈকেয়ীকে ক্রোধের বশে গলার হার ছিঁড়ে ফেলতে এবং রামের বনবাসের প্রসঙ্গ তুলতে দেখা যায়, সেই অংশের দৃশ্যায়ন এবং কস্টিউম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। যদিও লারা দত্তর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন না অধিকাংশ দর্শক, তবে চরিত্রের উপস্থাপনা এবং পোশাক পরিকল্পনা নিয়ে নানা মত প্রকাশ করেছেন তাঁরা।
অন্যদিকে, ছবির ভিএফএক্স এবং ভিজ্যুয়াল স্কেল ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ফলে একদিকে প্রযুক্তিগত উৎকর্ষের প্রশংসা, অন্যদিকে চরিত্রের লুক নিয়ে সমালোচনা— দুই মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘রামায়ণ’। ছবি মুক্তির পর এই বিতর্ক দর্শকদের মতামতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।







