ওয়েব ডেস্ক: থ্রিলার ঘরানার নতুন ওয়েব সিরিজ ‘সার্ভিস গার্ল’-এ (Service Girl) কঙ্গনা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন অভিনেত্রী মালবিকা ব্যানার্জি (Mallobika Banerjii)। সম্প্রতি হাঙ্গামা ওটিটি-তে মুক্তি পাওয়া এই সিরিজে তিনি এক নির্ভীক, উচ্চাকাঙ্ক্ষী মডেল তথা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। শক্তিশালী ব্যক্তিত্বের পাশাপাশি আবেগের নানা স্তরকে ফুটিয়ে তুলতে হয়েছে তাঁকে, যা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
‘সার্ভিস গার্ল’ মূলত মানবসম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা, বেঁচে থাকার লড়াই এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে ঘিরে এগিয়েছে। থ্রিলারধর্মী এই সিরিজে রহস্যের পাশাপাশি রয়েছে আবেগ ও টানটান নাটকীয়তা। কঙ্গনা চরিত্রটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যার যাত্রাপথ সিরিজের মোড় ঘুরিয়ে দেয়।
আরও খবর : ‘উমরাও জান’ থেকে ‘এক্সিলেন্স ইন সিনেমা’, মেলবোর্নে বিশেষ সম্মান পাচ্ছেন রেখা
নিজের চরিত্র প্রসঙ্গে মালবিকা বলেন, কঙ্গনার চরিত্রে অভিনয় করা তাঁর কেরিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। তাঁর কথায়, এই চরিত্র যেমন শক্তিশালী, তেমনই আবেগপ্রবণ। সেই কারণেই চরিত্রটির সঙ্গে নিজেকে সহজেই মেলাতে পেরেছেন। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকেরও সিরিজটি ভালো লাগবে।
শুধু ‘সার্ভিস গার্ল’ নয়, চলতি বছর আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে ব্যস্ত মালবিকা। পরিচালক প্রকাশ ঝা-র আসন্ন ছবি ‘জনাদেশ’-এও দেখা যাবে তাঁকে। বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। ফলে ওটিটি ও বড়পর্দা—দুই মাধ্যমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন অভিনেত্রী।
ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশনে একাধিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে মালবিকার। ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি পরিচিত। ‘সার্ভিস গার্ল’-এ কঙ্গনা হয়ে তাঁর অভিনয় সেই ধারাকেই আরও শক্তিশালী করল বলে মনে করছেন বিনোদন মহলের একাংশ।







